গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শোক প্রকাশ
স্বরূপকাঠীর সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়ার ইন্তেকাল
স্বরূপকাঠী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মো. শহীদুল্লাহ মিয়া (৯২) আর নেই। শনিবার দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।
মো. শহীদুল্লাহ মিয়ার মৃত্যুর খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি হাসপাতালে ছুটে যান। এসময় হাসপাতালে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরেই শহিদুল্লাহ মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বর্ষিয়ান এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নেছারাবাদ উপজেলার রাজনৈতিক অঙ্গনে।
প্রবীন আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ মিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
মো. শহিদুল্লাহ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষযক সম্পাদক শ. ম. রেজাউল করিম এমপি। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মো. শহিদুল্লাহ মিয়ার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ অধ্যক্ষ মো. শাহ্ আলম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, মো. শাহজাহান খান তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, স্বরূপাকঠী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মকান্ডার মো. জাহীদ হোসেন।
