প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুলের জমি নিয়ে বিরোধ ॥ প্রতিপক্ষের হামলায় ৪ শিক্ষার্থী আহত

মঠবাড়িয়া মিরুখালী ইউনিয়নের সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ৪ শিক্ষার্থী আহত হয়েছে। বিদ্যালয়ের জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে স্কুল শিক্ষার্থীরা বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হল- ফাতিমা আক্তার (৬ষ্ঠ শ্রেণি), রিফাত (৮ম শ্রেণি) রুবেল শরীফ (১০ম শ্রেণি) ও জিয়াউল হক (১০ম শ্রেণি)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মিরুখালী সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ৫ কাঠা জমি নিয়ে প্রতিপক্ষ বশির ফরাজির সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা পাকা পিলারের নির্মাণ কাজ শুরু করলে স্কুল কর্তৃপক্ষের আবেদনে প্রশাসন কাজ বন্ধ করে লাল নিশানা দিয়ে রাখেন। প্রতিপক্ষরা প্রশাসনের লাল নিশানা উপেক্ষা করে শনিবার দুপুরে ওই বিরোধীয় জমিতে পুনরায় পাকা পিলারের স্থাপনার কাজ শুরু করলে স্কুলের শিক্ষার্থীরা বাঁধা দেয়। এসময় প্রতিপক্ষের হামলায় স্কুলের চার শিক্ষার্থী আহত হয়।

স্কুলের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্র জানান, স্কুল প্রতিষ্ঠাকালীন সময় ওই বিরোধীয় ৫ কাঠা জমি প্রতিপক্ষদের সাথে এওয়াজ বদল করা হয়েছিল। বর্তমানে এটি সম্পুর্ণ স্কুলের সম্পত্তি এবং আদালতে মামলা চলমান।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকাত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্কুল শিক্ষার্থী আহতের বিষয় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial