প্রধান সূচি

পিরোজপুরে জসিম খানের শো-ডাউন

পিরোজপুরে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন খান শো-ডাউন করেছেন। দীর্ঘদিন পর তিনি কয়েক’শ মোটর সাইকেল ও মাইক্রোবাস সহকারে তার কর্মী-সমর্থকদের নিয়ে পিরোজপুর শহরে ঢুকেছেন।

শনিবার দুপুরে তিনি ঢাকা থেকে বিশাল গাড়ী বহর নিয়ে পিরোজপুরে এসে সার্কিট হাউজে গিয়ে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এর সাথে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দীন খান গত ১০ বছরে পিরোজপুরের আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে এ কে এম এ আউয়াল এমপি নির্বাচিত হওয়ার পরে জেলা বাস মালিক সমিতি দখল করে নেয় এমপি এ কে এম এ আউয়ালের সমর্থকরা।

এছাড়া রাজনৈতিকভাবেও প্রতিহিংসার শিকার হন জসিম উদ্দিন খান। জেলা আওয়ামী লীগের সর্বশেষ গঠিত কমিটিতে তাকে সদস্যও রাখেন নি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তৎকালীন এমপি এ কে এম এ আউয়াল। এর আগে সাবেক সাংসদ প্রয়াত সুধাংশু শেখর হালদার পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সময়ে জিিসম খান জেলা কমিটির সদস্য ছিলেন। সে সময়ে তিনি পিরোজপুর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। সুধাংশু শেখর হালদার মৃত্যুবরণ করার পরও দীর্ঘদিন তিনি পিরোজপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একটি অংশকে সাথে নিয়ে দলীয় কর্মসূচি পালন করেছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে এ কে এম এ আউয়ালকে দলীয় মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিমকে মনোনয়ন দেয়া হয়। শ.ম রেজাউল করিম বিপুল ভোটে এমপি নির্বাচিত হন এবং তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর এরপর থেকেই পিরোজপুরের রাজনৈতিক পট পরিবর্তন শুরু হওয়ার কারনেই মুলত জসিম উদ্দিন খান পিরোজপুরে আসেন।

এদিকে, পিরোজপুরে ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে জসিম খানের আগমনে অনেকে মনে করছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি দলীয় মনোনয়ন চাইবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial