পাইকগাছা বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ চলছে পুরোদমে
পাইকগাছায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে। খামারে আমন ধান কর্তন চলছে আর বোরোর আবাদের জন্য জমি প্রস্তুতির কাজও চলছে। তবে সম্প্রতি তীব্র শীত শুরু হওয়ায় কোল্ড ইনজুরির কারনে বোরোর আবাদ কিছুটা ব্যাহত হচ্ছে।
খামার সূত্রে জানা গেছে, ৫২ একর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৫ একর জমিতে বোরোর রোপন কাজ সম্পন্ন হয়েছে। রোপনকৃত জাতগুলি হলো- ব্রি ধান ৪৭, ৫০ ও বীনা ১০। বোরো আবাদের জন্য ৩ একর জমিতে বীজতলা তৈরী করা হয়েছে। তীব্র শীত থেকে বীজতলা সুরক্ষায় সকাল বিকাল পানি পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি তীব্র শৈত প্রবাহ শুরু হওয়ায় খামারের আবাদ কিছুটা ব্যাহত হচ্ছে। শীতের মধ্যে শ্রমিকরা কাজ করতে হিমশীম খাচ্ছে।
এ বিষয়ে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন মোল্যা জানান, খামারের বোরো আবাদ পুরাদমে চলছে। তবে কয়েক দিনের তীব্র শীতের কারনে রোপনকৃত বোরো ধানের চারা কিছুটা লালচে হচ্ছে এবং বীজতলা কিছুটা লাল বর্ণ ধারন করেছে। তাই রোপনকৃত চারা ও বীজতলা সুরক্ষায় নিয়মিত পানি বদল করা হচ্ছে। শীত একটু কমলে পুরাপুরিভাবে বুরোর কাজ শুরু হবে। শীত থেকে বীজতলা ও রোপনকৃত চারা সুরক্ষায় সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে।
