চিতলমারীতে খাবারে চেতনানাশক প্রয়োগ ॥ অসুস্থ ৪
বাগেরহাটের চিতলমারীতে খাবারে দুর্বৃত্তদের চেতনানাশক প্রয়োগে একই পরিবারের ৪জন অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সাবেক চরবানীয়ারী ইউপি চেয়ারম্যান মুকুল কুমার মন্ডলসহ স্থানীয়রা জানান, উপজেলার চরবানীয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের কেশব মন্ডলের বাড়িতে রবিবার রাত ৯ টার দিকে দুর্বৃত্তরা কৌশলে রাতের খাবারে চেতনানাশক প্রয়োগ করে। ওই খাবার খেয়ে কেশব মন্ডল (৯০), কামনা মন্ডল (৪০), ঋতু মন্ডল (১৬) ও সুব্রত মন্ডল (১২)সহ একই পরিবারের ৪জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রতিবেশিরা জানতে পেরে তাদের উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা হবে।
