বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষকের ঘাতক বাসের চালককে গ্রেফতারসহ চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক আব্দুল কুদ্দুস হাওলাদার, শেখ আব্দুস সোবাহান, সন্তোষ কুমার মন্ডল, মফিজুল ইসলাম, আকন হাবিবুর রহমান ও শিক্ষার্থী তানভির হাসান শুভসহ আরও অনেকে।
মানববন্ধনে ৩০ ডিসেম্বরের মধ্যে ঘাতক বাসের চালককে গ্রেফতার, সারাদেশে লাইসেন্সবিহীন চালক প্রত্যাহার, ফিটনেস বিহীন গাড়ি বন্ধ ও মাদককাসক্তদেরকে সড়ক শ্রমিক হিসেবে নিয়োগ না দেয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ, শনিবার বাগেরহাট পিরোজপুর সড়কের ফতেপুর বাজারে দোকানের সামনে চা খাওয়ার সময় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে প্রধানশিক্ষক শেখ মোদাচ্ছের আলীকে (৫৭) চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
