পিরোজপুরে সিপিবি’র প্রার্থী ডা. তপন বসুর উপর হামলা
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী ডা. তপন বসু’র উপর দুবৃত্তরা হামলা করেছে। সোমবার রাত ৮ টার দিকে পিরোজপুর পৌর শহরের পোষ্ট অফিস রোডস্থ ল’ ইয়ার্স প্লাজায় অবস্থিত তার নিজস্ব ডাক্তারী চেম্বারে ঢুকে এ হামলা করা হয়। হামলাকারীরা তার মুখ মন্ডলসহ শরীরে বিভিন্ন স্থানে কিল ঘুষি মারে। এ সময় তিনি চেম্বারে বসে রোগী দেখছিলেন। ঘটনার পর দলীয় ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
হামলার বিষয়ে ডা. তপন বসু জানান, আমি চেম্বারে বসে রোগী দেখছিলাম। রাত ৮ টার দিকে হঠাৎ করে ৮/৯ জনের একটি দল চেম্বারে ঢুকে আমাকে কিল-ঘুষি মারে এবং গালাগালি করে। আমার সাথে কারও কোন শত্রুতা নেই। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই আমার উপর এ হামলা করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, সিপিবি’র প্রার্থী ডা. তপন বসুর উপর হামলার নিন্দা জানিয়েছেন, পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। তিনি এ হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন।
