পিরোজপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুর শহরের চাদমারি এলাকা থেকে গতকাল সোমবার সকালে সাব্বির হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাব্বির হাওলাদার পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
সাব্বিরের বাবা সিদ্দিকুর রহমান হাওলাদার জানান, সাব্বির সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়। এরপর সকাল সাড়ে আটটার দিকে চাদমারি এলাকার লোকজন গাছের সঙ্গে সাব্বিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দেয়। এসময় তিনি তার ছেলেকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে সন্দেহ প্রকাশ করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, খবর পেয়ে সাব্বিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
