পিরোজপুরের ৩টি আসনে বৈধ প্রার্থী ১৮ জন
উৎসবমূখর পরিবেশে প্রতিক বরাদ্দ সম্পন্ন
পিরোজপুরের ৩টি আসনে আজ সোমবার উৎসবমূখর পরিবেশে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে বৈধ প্রার্থী রয়েছেন ১৮ জন। এর মধ্যে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে ৬ জন, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ৫ জন এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন বৈধ প্রার্থী রয়েছেন।
সোমবার দুপুরে বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন জেলা রিটানিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম (নৌকা প্রতিক), বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী জামায়াত ইসলামী’র কেন্দ্রীয় নেতা যুদ্ধাপরাধ মামলায় আমরণ কারাদন্ডে দন্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী (ধানের শীষ প্রতিক), বাম গণতান্ত্রিক জোট প্রার্থী সিপিবি নেতা ডা. তপন বসু (কাস্তে প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ (হাতপাখা প্রতিক), জাতীয় পার্টি (এরশাদ) মো. নজরুল ইসলাম (লাঙ্গল প্রতিক) এবং ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর মেহেদী হাসান রনি (আম প্রতিক)।
পিরোজপুর-২ (ইন্দরকানী-ভান্ডারিয়া-কাউখালী) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (বাইসাইকেল প্রতিক), বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান (ধানের শীষ প্রতিক), বাম গণতান্ত্রিক জোটের সিপিবি নেতা আব্দুল হামিদ হাওলাদার (কাস্তে প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল কালাম আজাদ (হাতপাখা প্রতিক) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট (বিএনএফ) প্রার্থী রেজাউল করিম গাজী (টেলিভিশন প্রতিক)।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় নেতা ডা. রুস্তম আলী ফরাজি (লাঙ্গল প্রতিক), বিএনপি দলীয় প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন দুলাল, (ধানের শীষ প্রতিক), বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী সিপিবি নেতা এডভোকেট দিলীপ কুমার পাইক (কাস্তে প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মো. সগীর হোসেন (হাতপাখা প্রতিক), খেলাফত আন্দোলন এর প্রার্থী প্রার্থী মোহাম্মদ আবদুল লতীফ সিরাজি (বটগাছ প্রতিক), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সদ্য পদত্যাগকারী মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান (আপেল প্রতিক) এবং স্বতন্ত্র প্রার্থী মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রিয়াজ উদ্দিন (কলার ছড়া প্রতিক)।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই কালে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৯ ডিসেম্বর ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কিন্ত পরবর্তীতে প্রার্থী চুড়ান্ত করে ধানের শীষ প্রতিক বরাদ্ধ দেয়া প্রার্থীই বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। দাখিলকৃত অন্য প্রার্থীদের মনোনয়নপত্র আপনা-আপনি বাতিল হয়ে গেছে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
