প্রধান সূচি

বাগেরহাট-১

আওয়ামী লীগের দুভের্দ্য ঘাঁটিতে নজর বিএনপি’র

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্গ খ্যাত বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) আসনে পঞ্চমবারের মত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র গত চার বারের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। দীর্ঘ প্রায় ২০ বছর নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শেখ হেলাল উদ্দীন এ আসনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে সুশৃঙ্খলভাবে।

আওয়মী লীগের এ দুর্গে এবার বিশেষ নজর রয়েছে বিএনপি’র। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে শেখ হেলাল উদ্দীনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপি’র উপদেষ্টা শেখ মুজিবুর রহমান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি প্রকৌশলী মাসুদ রানা। কোন কারণে একজনের মনোনয়ন বাতিল হলে বিকল্প প্রার্থী হিসেবে অন্যজন নির্বাচন করবেন বলে বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়।

শেখ মুজিবর রহমান এ আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসেবে ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। অপর দিকে নবীন প্রার্থী হিসেবে প্রকৌশলী মাসুদ রানা প্রথম বারের মত এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি দীর্ঘদিন দলীয় নেতাকর্মীদের আর্থিক ভাবে সহযোগিতা ও মামলা-মকোদ্দমার ব্যয়ভার বহন করে চলেছেন। বিএনপির’র তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে তার বেশ গ্রহণ যোগ্যতা।

জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক আল-জুবায়ের দলীয় মনোনয়ন পেলেও তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে।

চিতলমারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু জানান, বিএনপি’র মনোনিত দুইজন প্রার্থীর মধ্যে যে চুড়ান্ত মনোনয়ন পাবে আমরা তার হয়ে সর্ব শক্তিতে দিয়ে কাজ করব। বাগেরহাট-১ আসনের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। নির্বাচন সুষ্ঠু হলে এ আসন থেকে বিএনপি নির্বাচিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বলেন, বাগেরহাট-১ আসন আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত সংসদ নির্বাচনের ন্যায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার শেখ হেলাল উদ্দীন বিপুল ভোটে নির্বাচিত হবেন এটা অনেকটা সুনিশ্চিত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial