পাইকগাছায় আমনের বাম্পার ফলন
পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে পুরোদমে আমন ধান কর্তন। উঁচু ক্ষেতের আমন ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে আমন ক্ষেতের ধান কাটা ও মাড়াই চলছে। আগামী ১৫/২০ দিনের মধ্যে উপজেলার সব এলাকার জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে।
আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘেরগুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও দেরিতে শুরু হয়। এ মৌসুমে আমন নতুন ধান ভাল দামে বিক্রি হচ্ছে। নতুন আমন ধান মন প্রতি সাড়ে ৮শ’ থেকে সাড়ে ৯শ’ টাকা দরে বিক্রি হচ্ছে ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে কৃষকরা খুশি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭ হাজার ১শ’ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উঁচু ক্ষেত্রের ধান কাটা শেষ হয়েছে। মৎস্য লিজ ঘেরের ধান কাটা চলছে। প্রায় ৪০ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫ হাজার ৮শ’ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। নতুন ধান পুষ্ট ও ফলন ভাল হয়েছে। হেক্টর প্রতি ফলন উফসি ৫.৫ মেট্রিকটন ও হাইব্রীড ৬.৩ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। যা বিঘা প্রতি উফসি ১৭ মন এবং হাইব্রীড ২১ মন ফলন হচ্ছে। এ বছর আবহাওয়া ভাল থাকায় ধান শুকিয়ে চাষীরা গুদাম জাত শুরু করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, স্বল্প পরিমাণে কিটনাশক, অল্প সেচ দিয়ে আমন ধান উৎপাদন করা সম্ভব। এজন্য আমন আবাদে কৃষকরা বেশি আগ্রহী হয়ে থাকে। এ বছর বৃষ্টির পরিমাণ বেশি ও আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা বিচুলী ও ধানে ভাল মূল্য পাওয়ায় লাভবান হয়েছে।
