কচুয়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পিবিআই।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট পিবিআই’র পুলিশ পরিদর্শক শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে খুলনার খালিশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে রাসেল শেখ (৩১) ও খলিশাখালী গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে শামীম শেখ (২৫)।
বাগেরহাট পিবিআই’র পুলিশ পরিদর্শক শেখ শহিদুল ইসলাম জানান, চলতি বছরের ১০ জুলাই রাতে ঢাকা থেকে বাস যোগে সাইনবোর্ড বাজারে নেমে বাড়ি যাবার পথে চরকাটি এলাকায় পৌঁছালে কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুরকে দুবৃর্ত্তরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে মালামাল লুট করে নেয়। পরে স্থানীয় উদ্ধারকরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার ১১ দিন পর ২১ জুলাই ছাত্রনেতার মামা শাহাজাহান শেখ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ আরও ২/৩ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে কচুয়া থানায় ডাকাতি ও লুটের একটি মামলা করেন। ওই মামলার দীর্ঘদিন আসামীরা পলাতক ছিল।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খালিশপুর থেকে এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
