প্রধান সূচি

পাইকগাছায় গৃহবধু সোনালী হত্যা মামলায় স্বামী ও শ্বশুরকে ২ দিনের রিমান্ড

পাইকগাছায় গৃহবধু হত্যা মামলায় পুলিশ স্বামী ও শ্বশুরকে রিমান্ড নিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে রোববার শুনানী শেষে বিজ্ঞ বিচারক স্বামী রবিন বিশ্বাসের ২ দিনের এবং শ্বশুর বাবুলাল বিশ্বাসের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, উপজেলার হিতামপুর গ্রামের বাবুলাল বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাসের সাথে ডুমুরিয়া উপজেলার নিতাই বিশ্বাসের মেয়ে ও বি,এল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সোনালী বিশ্বাস (২০) এর সাথে আনুষ্ঠানিক বিয়ে হয়। এর আগে প্রেমজ সম্পর্কের সূত্র ধরে ২০১৪ সালের ৬ আগস্ট তাদের মধ্যে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। ২০১৭ সালের এপ্রিল মাসের দিকে রবিন সোনালীর ইচ্ছার বিরুদ্ধে তার গর্ভের সন্তানকে নষ্ট করে। পরে দু’পরিবার বিষয়টি জানতে পেরে চলতি বছরের ৫ জুলাই আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেন। এরপর সোনালীর শ্বশুর-শ্বাশুড়ি যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে সোনালীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। সর্বশেষ গত ২৮ আগস্ট সকালে স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি সোনালীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে শ্বশুর বাড়িতেই সোনালীর মৃত্যু হয়। এ সময় শ্বশুর বাড়ির লোকজন সোনালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার দেয়। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোনালীর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং মৃত্যুটি রহস্যজনক হওয়ায় একই দিন সোনালীর স্বামী রবিন বিশ্বাস (২৭) ও শ্বশুর বাবুলাল বিশ্বাস (৫৫) কে আটক করে জেলহাজতে পাঠায়। এদিকে, ময়না তদন্তের রিপোর্টে আঘাতের চিহ্ন উল্লেখ থাকায় মৃত্যুর ১৫ দিনপর গত ১১ সেপ্টেম্বর নিহত গৃহবধু সোনালীর পিতা নিতাই বিশ্বাস (৫০) বাদী হয়ে স্বামী রবিন বিশ্বাস, দেবর প্রবীর বিশ্বাস (২৪), শ্বশুর বাবুলাল বিশ্বাস ও শ্বাশুড়ি সুমিত্রা বিশ্বাস (৫০) কে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে, যার নং- ৩০। এদিকে থানা পুলিশ এ হত্যা মামলায় নিহত গৃহবধু সোনালীর স্বামী ও শ্বশুরকে রিমান্ডে নিয়েছে। থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আদালত সোনালীর স্বামী রবিনের রোব ও সোমবার ২ দিনের এবং শ্বশুর বাবু লালের মঙ্গলবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করছি যে রিমান্ড শেষে তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial