ইন্দুরকানীতে মেয়ে হত্যার বিচার দাবিতে কৃষক পরিবারের মানববন্ধন
ইন্দুরকানীতে মেয়ে হত্যার বিচার দাবি করে ঘাতক জামাই ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। হত্যাকান্ডে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবার। রবিবার উপজেলার ইন্দুরকানী গ্রামের কৃষক সুনীল চন্দ্র বাওয়ালীর পরিবার ও এলাবাসীর আয়োজনে ইন্দুরকানী কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে নিহতের পিতা সুনীল চন্দ্র বাওয়ালী, বোন রিংকু বাওয়ালী, শিল্পা বাওয়ালী, স্বপ্না বাওয়ালী, কৃষ্ণা বাওয়ালী ও ভাগ্নি অথৈ মন্ডল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা আরও বলেন, আমাদের দেশে এভাবে আর কোন মেয়েকে যেন যৌতুকের জন্য অকালে মরতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
উল্লেখ্য, গত ২৩ আগষ্ট ইন্দুরকানী গ্রামের কৃষক সুনীল চন্দ্র বাওয়ালীর ছোট মেয়ে নিপা বাওয়ালী ওরফে মোহিনীকে যৌতুক না পেয়ে জেলার নাজিরপুর উপজেলার গড়ঘাটা গ্রামের সুখরঞ্জন মৃধার ছেলে প্রবাসী সুব্রত মৃধা ও তার পরিবারের লোকজন নির্যাতন করে মুখে চালে দেয়া কীটনাশক ঢুকিয়ে হত্যা করে। এঘটনায় ২৭ আগষ্ট নিহতের পিতা সুনীল চন্দ্র বাওয়ালী বাদী হয়ে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে সুব্রত মৃধাকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
