বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মাদক নির্মূল সংগ্রাম কমিটির উদ্যোগে স্থানীয় উপজেলা অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়্যারম্যান এডভোকেট শ.ম রেজাউল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ভান্ডারিয়া একটি ঐতিহ্যবাহী এবং পূন্য স্থান। জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বিশ্বস্ত ব্যক্তিত্ব উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার পূন্য জন্মভূমী এই ভান্ডারিয়া। এখানে বহু গুনী মানুষের জন্ম। তাদের মধ্যে যাঁরা আমাদের মাঝে নেই তাঁদের প্রতি আমি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করি।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে মাদক মুক্ত এবং সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখে ছিলেন। তিনি বাংলাদেশে মাদক নিষিদ্ধ করেছিলেন। বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ গড়ার স্বপ্ন ছিল। কিন্তু আজ সেই দেশে মাদকের ছোবলে সমাজ তথা দেশ এমন কি জাতি ধ্বংসের যে চক্রান্ত স্বাধীনতা বিরোধীরা করছেন তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যার পর ১৯৭৮ সালে জিয়উর রহমানই এক দিনে ৬শ’ মাদকের লাইসেন্স দিয়েছিলেন। যার প্রেক্ষিতে আজ সারা দেশে মাদকের এক ভয়াবহ ছোবলে রূপ নিয়েছে। আর এই মাদকের ভয়াবহ ছোবলে সন্তান তার বাবা মাকে পর্যন্ত হত্যা করছে। এই অবস্থা থেকে পরিবার, সমাজ, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছেন। তিনি ইতোমধ্যেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এডভোকেট শ ম রেজাউল করীম বলেন, স্বাধীনতা বিরোধীরা খোলস বদল করে এই মাদকের ভয়াবহ আগ্রাসন তৈরি করেছে। যা নতুন প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নতুন প্রজন্মকে বাঁচাতে এবং যাতে মাদকের ছোবলে আমাদের সন্তানরা মেধাশূণ্য না হয় সেজন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে।
মাদক নির্মূল সংগ্রাম কমিটির সভাপতি সাবেক ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, ওয়ার্কস পার্টির বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, এডভোকটে আব্দুর রাজ্জাক খান বাদশা, পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার, সাবেক কমিশনার তালুকদার সরওয়ার হোসেন, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা এস এম জহির রানা তুহিন, যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট মো. ছিদ্দিকুর রহমান খান, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মঞ্জু হাওলাদার, মো. সহিদুজ্জামান হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. ছগির হোসেন পোদ্দার ও পৌর যুবলীগের আহবায়ক মো. ওয়ালিদ খান প্রমূখ।
