পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে অহিদুজ্জামান অহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
রবিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত অহিদুজ্জামান স্বরূপকাঠী উপজেলার দক্ষিন কৌড়িখাড়া সোহাগদল গ্রামের মৃত. আব্দুর রহমান খানের ছেলে। অহিদুজ্জামান অহিদের অনুপস্থিতে রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল বিকেলে র্যাব-৮ এর একটি দল স্বরূপকাঠী উপজেলার সোহগদল গ্রামের সন্ধ্যা নদীর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অহিদকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মামুনর রশিদ খান বাদী হয়ে অহিদুজ্জাদান অহিদের বিরুদ্ধে স্বরূপকাঠী (নেছারাবাদ) থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে থানার উপ- পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন এবং উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার মামলাটি তদন্ত শেষে অহিদুজ্জাদানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট খায়রুল বাশার শামিম।
