পিরোজপুরে র্যাবের অভিযান
চক্ষু হাসপাতাল ও ডায়াগনিষ্ট সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরে আজ রবিবার র্যাব-৮ শহরের বিভিন্ন ডায়াগনিষ্ট সেন্টার, বেসরকারী চক্ষু হাসপাতাল, ঔষধ বিক্রির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমান আদায় করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন, মেয়াদ উত্তীর্ন ঔষুধ বিক্রির অভিযোগসহ বিভিন্ন অপরাধে পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতালকে ৩০ হাজার টাকা, ডাক্তারবিহীন ডায়াগনিষ্ট টেষ্ট রিপোর্ট দেয়ার অভিযোগে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টারকে ১৫ হাজার টাকা, মা ডায়াগনিষ্ট সেন্টারকে ১৫ হাজার টাকা, মেডিকেয়ার, সিটি ডায়াগনিষ্ট সেন্টার এবং কেয়ারফাষ্ট ডায়াগনিষ্ট সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া শহরের বিশুদ্ধ পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলেশ্বর ডিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা এবং একটি দেশীয় মদের দোকানকে ৫ হাজার জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারিয়া হক। অভিযানে র্যাব-৮ এর বরিশাল কর্মকর্তা এএসপি আউয়াল হোসেন খান, পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাকিল সরোয়ার, র্যাব-৮ এর ডিএডি আমজাদ হোসেনসহ র্যাবের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ অভিযান চলে।
র্যাব-৮ এর ডিএডি আমজাদ হোসেন জানান, রবিবার পিরোজপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
