চিতলমারীতে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটের চিতলমারীতে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসি মানববন্ধন করেছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের পাঁচপাড়া নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণকারী তুলশী দাসকে অবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
শিক্ষার্থী ধর্ষণের ব্যাপারে তার মা বাদি হয়ে ধর্ষক তুলশী দাসের নামে ৫ মে রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, চিতলমারী সদর ইউনিয়নের সাবোখালী দক্ষিণপাড়া গ্রামের জনৈক দরিদ্র চাষির ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে প্রতিবেশী মৃত অধর হালদারের ছেলে তুলশী দাস হালদার (৩৭) ২৮ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশের বাগানে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনাটি ওই শিক্ষার্থী বাড়ি ফিরে তার মাকে বললে বিষয়টি জানাজানি হয়ে যায়। ধর্ষণের বিষয়টি ভুক্তভোগী মেয়েটির পিতা এলাকার ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনার বিচার চেয়ে এলাকাবাসী সহযোগিতায় ওই শিক্ষার্থীর পিতা বাগেরহাট জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওই দিন বিকেলে বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন। গত শনিবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রানী হাজরা জানান, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে ধর্ষণকারী তুলশী দাসকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণকারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
