ঝুঁকিপূর্ন ব্রীজ দিয়ে পন্য বোঝাই গাড়ি চলাচল ॥ চাঁদা আদায়ের অভিযোগ
স্বরূপকাঠির পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের একটি ঝুঁকিপূর্ন ব্রীজ পার হতে কাঁচামাল বোঝাই গাড়ী থেকে চাঁদা বানিজ্যের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার স্বরূপকাঠি পৌরসভাধীন গণমান এলাকায় সওজের নির্মিত এ ঝুঁকিপূর্ন ব্রীজ পারাপারে গাড়ি প্রতি ৩শ’ থেকে ৪শ’ টাকা আদায় করা হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিন ১৫ থেকে ২০টি কার্গো সার্ভিসের গাড়ীসহ কয়েকটি ছোট খাট পিকআপ গাড়ি মালামাল নিয়ে গণমান এলাকার ঝুঁকিপূর্ন ব্রীজটি থেকে চলাচল করে। এভাবে প্রতিদিন গাড়ী বোঝাই মালামাল ওই ঝুঁকিপূর্ন ব্রীজের উপর দিয়ে চলাচল অব্যাহত থাকলে দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। চাঁদাবাজদের জন্য ঝুঁকিপূর্ন ব্রীজটি ব্যবহার করে গাড়ী চলাচলে যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে জেলার সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা।
উপজেলার স্থানীয় বাসিন্দা মাহবুবসহ কয়েকজন বাসিন্দা জানান, স্বরূপকাঠি পৌরসভাধীন টোল আদায়ের জায়গা মাগুরা ব্রীজ সংলগ্ন। কিন্তু গণমানের ওই এলাকায় সড়ক দখলসহ ঝুঁকিপূর্ন ব্রীজটি ব্যবহার করে প্রতি গাড়ি থেকে ৪০০ টাকা আদায় করা হচ্ছে। এভাবে চাঁদা আদায় একপ্রকার চাঁদাবাজি।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন বলেন, ওই সড়কসহ ঝুঁকিপূর্ন ব্রীজটি ব্যবহার করে স্থানীয় কিছু লোক নিয়মিত টাকা তুলছেন। শুনেছি তারা ওই এলাকার একটি মসজিদকে গুটি হিসেবে ব্যবহার করে মসজিদের নামে ওই টাকা তুলে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
তবে স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির বলেন, বিষয়টি আমার নজরে নেই। খোঁজ নিয়ে জানবো।
