চিতলমারীতে ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে স্কুলে তালা
উন্নয়নশীল তালিকায় দেশ স্থান পাওয়ায় সারা দেশে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলছে বিজয় র্যালী ঠিক সেই মুহূর্তে বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে ক্লাসরুমে তালা লাগিয়ে দিয়েছে স্বার্থনেষী মহল। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় চরম সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় একটি স্বার্থনেষী মহল আদালতকে উপেক্ষা করে স্কুলে ম্যানেজিং কমিটি গঠন করে। এতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য ও তাদের পক্ষের কয়েকজন শিক্ষকদের ইন্দনে কতিপয় ছাত্রকে দিয়ে স্কুল চলাকালীন সময়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ ম-ল জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা প্রক্রিয়াধীন অথচ একটি স্বার্থনেষী মহল তাকে দিয়ে নতুন কমিটি বৈধ করার জন্য হুমকি-ধামকি ও চাপ প্রয়োগ করে আসছে। এতে তিনি রাজি না হওয়ায় বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে কতিপয় লোকজন ছাত্রদের দিয়ে নানা অজুহাতে স্কুলে তালা লাগিয়ে দেয়। বিষয়টি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে অবহিত করেছেন। বর্তমানে তিনি ওই মহলের হুমকির মুখে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, ম্যানেজিং কমিটির লোকজন প্রধান শিক্ষককে দিয়ে নতুন কমিটি অনুমোদন করাতে ব্যর্থহয়ে ছাত্রদের দিয়ে স্কুলে তালা লাগিয়েছে বিষয়টি খুবই নীন্দানীয়। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জলিল ফকির জানান, এলাকার অর্ণব বিশ্বাস আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি বানোয়াট কমিটি গঠন করেছে। সে কমিটির কোন বৈধতা নেই। ওই কমিটির অনুমোদন পাওয়ার জন্য স্কুলে নানা ধরণের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে অর্ণব কুমার বিশ্বাস জানান, স্কুলে প্রধান শিক্ষক গত বছর খেলাধূলার উপহার সামগ্রী ছাত্রদের মাঝে এখনো বিতরণ করেননি বলে ছাত্রদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। তিনি বৈধ ভাবে বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কিন্তু প্রধান শিক্ষক তাকে অনুমোদন না দিয়ে নানা তালবাহানা করছেন। তবে স্কুলে তালা লাগানোর ব্যাপারে তার কাছে কোন তথ্য জানা নেই বলে জানান তিনি।
