বাগেরহাটে চেয়ারম্যানের নির্দেশে বসত বাড়ীতে হামলার অভিযোগ
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিনের বিরুদ্ধে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু এক পরিবারের বসত বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চিতলমারী সদর উপজেলার আরুলিয়া গ্রামের চিত্ত রঞ্জন রায় এর ছেলে শিক্ষক উজ্জল রায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিতলমারী সদর উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল বলেন, জমি-জমা নিয়ে বাসুদেব পোদ্দারের সাথে একই এলাকার মিলন হাওলাদার, সুনিল মাঝি, রজত রায় ও কিশোর মজুমদারের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের মিমাংশার জন্য গত শুক্রবার সকালে উপজেলার খড়িয়া গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
এসময় বাসুদেব আমার প্রতিবেশি হওয়ার সুবাদে সালিশ-বৈঠকে আমি ও আমার ভাই প্রদীপ রায় সেখানে উপিস্থত হই। সালিস-বৈঠকের এক পর্যায়ে আমি ও আমার ভাই প্রদীপ বাসুদেবের পক্ষে কথা বললে বৈঠকে উপস্থিত চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন ও তার লোকজন আমাদের উপর চড়াও হয়। পরে সেখান থেকে আমরা চলে আসি। এরপর চেয়ারম্যান নিজাম উদ্দিনের নির্দেশে, সদর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কিশোর মজুমদার ও রজত রায়সহ দুই থেকে তিন শতাধিক লোক আমাদের বসত বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এসময় পরিবারের লোকজন পালিয়ে যায় এবং এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। এ অবস্থায় শিক্ষক উজ্জল ও তার পরিবার নিজ বাড়ীতে ফিরে যেতে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বসত-বাড়ীতে হামলার অভিযোগ অস্বীকার করে চিতলমারী উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন বলেন, আমার ও আমার লোকজনের উপর হামলা চালিয়ে উজ্জল এখন উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। নিজেদের অপরাধ ঢাকতে তারা এখন অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
