পিরোজপুরে র্যাব-৮ এর আয়োজনে ‘টাউন হল’ মিটিং অনুষ্ঠিত
মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে র্যাব-৮ এর আয়োজনে ‘টাউন হল’ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ এবং র্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে অভিভাবক, ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বর্তমান সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। সভায় সাইবার অপরাধের শিকার হলে আইনি সহায়তা গ্রহণের উপায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানের শেষে র্যাব-৮, বরিশালের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
