পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং পিরোজপুরের যৌথ আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ।
এসময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি গ্রামীণ উন্নয়ন। গ্রামকে স্বনির্ভর, উৎপাদনমুখী ও আধুনিক করে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিআরডিবির বিভিন্ন প্রকল্প নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তিনি সঞ্চয়ের অভ্যাস, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভ‚ঞা জনী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। সভায় স্বাগত বক্তব্য দেন বিআরডিবি পিরোজপুরের উপপরিচালক মো. নাজমুল আনোয়ার এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ সুবিধাভোগীদের পুরস্কৃত করা হয়। এছাড়া কিশোরী সংঘের সদস্যদের জমাকৃত সঞ্চয়ের বিপরীতে দ্বিগুণ উৎসাহ বোনাসের চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
