পিরোজপুরে সুজনের আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ‘সুশাসনের জন্য নাগরিক’-সুজন এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজন’র পিরোজপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম। মূল আলোচক ছিলেন সুজন’র আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন’র জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ।
বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজন’র সাবেক সভাপতি সেখ সাইদুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
আলোচনা অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চাঁন, অধ্যাপক লুৎফর রহমান, কামরুন্নাহার রুবি, ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, মাইনুল আহসান মুন্না, অনুপ কুমার সিকদার প্রমুখ।
এসময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, সরকারকে শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপরও জোর দেন তারা।
এসময় বক্তারা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:প্রবর্তন এবং আইনি সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীন ও শক্তিশালী করার দাবি জানান।
