পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে শুক্রবার সারা দেশের মত পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পালিত কর্মসূচির মধ্যে ছিল- সকালে জেলা হাসপাতাল গেট থেকে ডায়াবেটিক সমিতি অফিস প্রাঙ্গণ পর্যন্ত শোভাযাত্রা, সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া-মাহফিল।
পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান।
বক্তব্য রাখেন, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান ও সমিতির চীফ মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম দীপু। অনুষ্ঠান উপস্থাপনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম। পরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও সমিতির সাফল্য কামনা করে দোয়া-মাহফিল হয়। এর আগে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় বিশ্ব ডায়াবেটিক দিবসের শোভাযাত্রা। জেলা হাসপাতালের গেট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় সিভিল সার্জন ডা. মতিউর রহমান, সমিতির সহ-সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান ও এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম, কোষাধ্যক্ষ এম এ রব্বানী ফিরোজ, যুগ্ম সম্পাদক ডা. সাকিল সরোয়ার, সমিতির চীফ মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম দীপুসহ সমিতির আজীবন সদস্য ও নির্বাহী সদস্যরা অংশ নেন।
এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল জলিল আকন, প্রবীণ হিতৈষী সংঘের খালেদা হেনা, কাজী শাহদাত হোসেন, রিসোর্স ইন্টেগ্রেশন সেন্টার-রিক’র কর্মকর্তা মাইনুল আহসান মুন্না, ইসলামি চক্ষু হাসপাতালের কর্মকর্তা সাইফুল ইসলামসহ এসব সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন। পাশাপাশি বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধি, পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ ডায়াবেটিস রোগীরা সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এরপর ডায়াবেটিক সমিতির প্যাথলজিতে বিনামূল্যে ডায়াবেটিস করা হয়। শতাধিক রোগীর ডায়াবেটিস বিনামূল্যে পরীক্ষা করা হয়।
