টেকসই উন্নয়নের জন্য পরিসংখ্যানের তথ্য সঠিক, নির্ভুল ও সময়োপযোগী করতে হবে : পিবিপ্রবি উপাচার্য
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য পরিসংখ্যানের তথ্য সঠিক, নির্ভুল ও সময়োপযোগী করতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ‘তথ্য ভিত্তিক সিদ্ধান্তই টেকসই উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব অনেক। কেবল তথ্য দিয়ে একটি জাতিকে বর্ণনা করা এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। আজকে দিবসটি আয়োজনের মাধ্যমে আমরা তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পারবো।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য পরিসংখ্যানের তথ্যগুলো সঠিক, নির্ভুল ও সময়োপযোগী হতে হবে। তাহলে আমরা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। এজন্য তিনি তথ্য সংগ্রহ ও তথ্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সৎ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় পিবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। একইসঙ্গে স্বপ্ন বাস্তবায়ন ও জীবনের কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করার পরামর্শ দেন।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খানের সভাপতিত্বে এবং প্রভাষক সুমাইয়া সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় পিরোজপুর জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাছুম মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক রেহানা আক্তার তামীম ও মাঈন মোল্লা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, প্রভাষক ও সহকারী প্রভোস্ট নাজমা আক্তার প্রমুখ।
