পিরোজপুরে হারানো মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ
পিরোজপুরে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পিরোজপুর পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে পিরোজপুর সদর থানায় ৩টি, ইন্দুরকানি থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৬টি এবং ভান্ডারিয়া থানায় ৩টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হ্যাক হওয়া ৫টি ফেসবুক আইডি উদ্ধার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, অতি অল্প সময়ের মধ্যে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরি অনুযায়ী ২০টি মোবাইল ফোন ও ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের জেলা পুলিশের এ রকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে।
