পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত
‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ১০টায় সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি উন্নয়ন পর্যায়ে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। তবে কাঠামোগত বৈষম্য, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তরুণদের সম্পৃক্ততায় বাধা সৃষ্টি করছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের সম্পৃক্ত করতে হবে।
