সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারিদের বিচারের দাবিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় কলম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
রবিবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরের রিজার্ভ পুকুর পাড় শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এসময় গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. রিয়াজ মাহামুদ মিঠুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক এইচ. এম. জুয়েল, মো. সামসুল ইসলাম আমিরুল, মো. শাহজাহান, মো. এনামুল কবির সোহেল সরদার, টি. এম. মনোয়ার হোসেন পলাশ, মো. শহিদুল ইসলাম মল্লিক, মো. আবুল কালাম আজাদ, মো. শহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক হত্যাকারিদের অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেই সাথে সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। সাংবাদিকদের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, একটি অপশক্তি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না।
