চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করলো মাদকসেবীরা
পিরোজপুরের ইন্দুরকানীতে এক মুদি ব্যবসায়ীর কাছে মাদকসেবীরা চাঁদা দাব করে। আর সেই চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী আব্দুল হাই খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করেছে মাদকসেবীরা।
রবিবার সকালে উপজেলার বালিাপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার পশ্চিম বালিপাড়া এলাকায় মাদকসেবীদের আড্ডা বসে। নেশার টাকার জন্য চুরিসহ চাঁদা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে এসব মাদকসেবীদের বিরুদ্ধে।
পশ্চিম বালিপাড়া গ্রামের ব্যবসায়ী আশ্রাব আলী খানের ছেলে আব্দুল হাই খানের কাছে মাদকসেবী রাকিব সেপাই ও জসিম খান চাঁদা চেয়ে আসছিল। কিন্তু ব্যবসায়ী আব্দুল হাই খান চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দাও দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আব্দুল হাই খানের ছোট ভাই ইলিয়াস খান জানান, দুই মাদকসেবী ও সন্ত্রাসী আমার ভাইর কাছে চাঁদা চায় না দেওয়ায় তাকে তারা পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমার ভাই খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাই সুস্থ হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাবুল জানান, মাদকসেবীরা চাদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা করেছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে হামলাকারীরা আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।
