স্বরূপকাঠীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস লাগিয়ে সুমাইয়া আক্তার (১৬)) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে নেছারাবাদ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে গেছে।
সুমাইয়া আরামকাঠি গ্রামের মো. কবির হোসেনের মেয়ে। সে এ বছর উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সুমাইয়া পিতা গ্রামে একটি খাবার হোটেলের ব্যবসা করে। সুমাইয়া পরিবারের একমাত্র সন্তান হওয়ায় মেয়েকে হারিয়ে পিতা-মাতা উভয় শোকে স্তব্দ হয়ে গেছেন। ।
সুমাইয়ার চাচা মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে সুমাইয়ার বাবা জুমার নামাজ পড়তে যায়। তার মা নাসিমা বেগম বাড়ীর পাশে নিজেদের দোকানে কাজ করছিল। কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখে দরজা লাগানো। দরজার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের মধ্যে ঝুলে আছে। ডাক চিৎকার দিলে সবাই ছুটে এসে সুমাইয়ার অচেতন দেহ নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, সুমাইয়া ছাড়া আমাদের কোন সন্তান নেই। সে এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিল। আমিসহ তার বাবা ওকে অনেক বুঝিয়ে মনবল শক্ত করার চেষ্টা করেছি। পরীক্ষায় ফেল করে মেয়েটি শুক্রবার ঘরের মধ্যে আমার স্বামীর গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিল। দুর্ভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আবেগে আত্মহত্যা করেছে।
নেছারাবাদ থানার অফিসার ওসি মো. বনি আমীন জানান, শুনেছি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের ব্যবস্থা চলছে।
