প্রধান সূচি

পিরোজপুরের ২টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পিরোজপুরের দুটি বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল করেছে। কোনো শিক্ষার্থীই পাস করেনি। এ বিদ্যালয় দুটি হল- পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং জেলার ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলে বরিশাল বিভাগের কোনো শিক্ষার্থী পাস না করা ১৬টি বিদ্যালয়ের তালিকায় উক্ত বিদ্যালয় দুটির নাম রয়েছে।
জানা গেছে, সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এ বছর ১২ জন এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল। তবে বিদ্যালয় দুটি থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৫ জন করে মোট ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিদ্যালয় দুটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনের কেউই পাশ করেনি।
এ বিষয়ে জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার জানান, বিদ্যালয় থেকে এ বছর ১২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তার মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষায় সবাই ফেল করেছে। তিনি বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করা সকল ছাত্রী বিবাহিতা। তারা নিয়মিত ক্লাস করতো না, হয়তো বাড়িতে ঠিকমত লেখাপড়াও করেনি। এ কারণে রেজাল্ট খারাপ হতে পারে।
উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলায়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভান্ডারিয়া নেই বলে লাইন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial