পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ৩০
পিরোজপুর বিয়ের বাসের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি বৌভাতের অনুষ্ঠান শেষে কনে পক্ষের স্বজনরা দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের তাদের বাড়িত যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দূর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
