প্রধান সূচি

স্বরূপকাঠীতে গ্রাহকের শতকোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া সমিতির পরিচালকের গ্রেফতার নিয়ে পুলিশের নাটকিয়তা !

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৬ সহস্রাধিক সদস্যের শত কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে ওই সমিতির পরিচালিত পূর্বজলাবাড়ী গ্রামের প্রজেক্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে নেছারাবাদ থানার কর্তব্যরত অফিসার উপ-পরিদর্শক (এস আই) প্রকাশ বোষ সমিতির পরিচালক রহমাত উল্লাহকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে, রহমাত উল্লাহর স্ত্রী শাহনাজ পারভীনের আপন ভাই মো. লোকমান হেসেনসহ তার নিকটাত্মীয় এ গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। এমনকি নাম না প্রকাশ শর্তে রহমত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে বলে নেছারাবাদ থানার এস.আইসহ থানা পুলিশের একাধিক লোক বিষয়টি গোপনসূত্রে নিশ্চিত করেছেন।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমীন বলেন, আমি পিরোজপুরে আছি। এ বিষয়ে কিছু জানিনা। পরে কথা বলবো।
জানা গেছে, গত ১৮ এপ্রিল বিকেলে ওই সমিতির লাপাত্তার খবরে কয়েক হাজার গ্রাহক সমিতির পরিচালক রহমত উল্লাহ’র শান্তিরহাট গ্রামের বাড়ীতে জড়ো হয়। এ সময় বিক্ষুদ্ধ ভুক্তভোগীরা সমিতির দুইজন ম্যানেজারসহ কয়েকজন মাঠকর্মীকে ঘিরে রাখে। ওই রাতে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ২০ এপ্রিল সকালে ওই সমিতির মো. মিরাজুল ইসলাম নামে এক ভুক্তভোগী সদস্য সমিতির পরিচালকসহ ১৩জনকে আসামী করে নেছারাবাদ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। পুলিশ মামলায় গ্রেফতারকৃত ৭জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। তখন থেকেই মামলার প্রধান আসামী সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহ এবং তার স্ত্রী শাহনাজ পারভীন পলাতক ছিলেন। এরপর রহমাত উল্লাহকে গ্রেফতার দাবীতে সমিতির সদস্যরা থানার সামনে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। পরে গতকাল শনিবার বিকেলে পুলিশ রহমাত উল্লাহকে গ্রেফতার করে।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার রহমাত উল্লাহর গ্রেফতারের বিষয়টি একটু এড়িয়ে বলেন, আমি একটু থানার বাইরে। পরে থানায় যাবো। আমি গ্রেফতারের বিষয় কিছু জানিনা।
নেছারাবাদ থানার কর্তব্যরত অফিসার উপ-পরিদর্শক (এস.আই) প্রকাশ বোষ বলেন, সে এখনো গ্রেফতার হয়নি। তবে যে কোন সময় গ্রেফতার হবে। গ্রেফতার হলেই আপনাদের জানাবো।
এদিকে, রহমাত উল্লাহকে গ্রেফতারের পর থেকে থানার ভিতরে প্রবেশ পথের প্রধান ফটক লাগিয়ে পুলিশ প্রহরায় দেখা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial