সুন্দরবনে অপহৃত ৬ জন নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী কর্তৃক অপহরনকৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্র্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার তসকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছোঁড়ে বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা থেকে অপহরণকৃত ৬ জন নারী সদস্যসহ ৩৩ জন জেলেকে ১৬টি বোটসহ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীরা গত বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে আসে। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে ২৪ ঘন্টাব্যাপী টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে আওতাধীন এলাকা সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।
