নাজিরপুরে সাংবাদিকের ছেলেসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপন আদায়
পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলেসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপন আদায় করার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং অপরজন হলো বাবুল সেখের ছেলে সাজ্জাদ সেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামে।
সাংবাদিক উথান মন্ডল জানান, তার ছেলে উৎসব মন্ডল বুধবার রাত ৮টার দিকে বন্ধু সাজ্জাদ হোসেনের সাথে মোটর সাইকেলে করে পিরোজপুর যাচ্ছিল। এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল ষ্টীল ব্রীজের কাছ থেকে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিন জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপন দাবী করে। পরে ৪০ হাজার টাকা মুক্তিপনের মাধ্যমে ছাড়া পায়। মুক্তিপন দিয়ে ছাড়া পেলেও ঐ দুই ছাত্রের মধ্যে আতংক বিরাজ করছে।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী মধ্য জয়পুর গ্রামের আনিস সেখের ছেলে রাসেল শেখ (৩৫), একই গ্রামের মারুফ মল্লিকের ছেলে ফয়সাল মল্লিক (২৮), দেলোয়ার শেখের ছেলে নাঈম শেখ (৩০) এই অপহরণের সাথে জড়িত। তারা ঈ এলাকায় অপহরণসহ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি মাদক, চূরি ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, অপহরণের খবর পেয়ে তিনিসহ জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে অপহৃতদের উদ্ধার সম্ভব হয়। তবে অপহরণের সাথে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রদান করা যাচ্ছে না।
