প্রধান সূচি

পিরোজপুরে আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার : বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলা

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের গ্রেফতার করে পিরোজপুর থানার পুলিশ। এ সময় আটক আওয়ামী লীগ নেতাদের উপর হামলা করে বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এডভোকেট এম মতিউর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিপি এডভোকেট শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে এডভোকেট খান মো. আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই মামলাগুলোতে হাইকোট থেকে জামিন নিয়েছিল গ্রেফতারকৃতরা। পরবর্তীতে রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায় আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে।
এদিকে, আদালত এলাকায় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি টের পেয়ে আদালত প্রাঙ্গনে ভিড় করতে থাকে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল।
আদালত থেকে আওয়ামী লীগ নেতারা বের হওয়ার সময় বিএনপি’র বিক্ষুব্দ নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ আওয়ামী লীগ নেতাদের সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে খান মো. আলাউদ্দীনকে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী হিসেবে এবং অন্য ৪ জনকে অন্য একটি নাশকতায় মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, গ্রেফতারকৃতদের দায়েরকৃত একটি বিষ্ফোরক আইনের মামলায় বরিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial