দেলোয়ার সাঈদীকে পরিকল্পিত হত্যা করা হয়েছে : শামীম সাঈদী
পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, দেলোয়ার হোসেন সাঈদী মরে নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করার বিচার বাংলার মাটিতে হবে। তিনি বলেন, আল্লামা দেলোয়ার সাঈদী রূপসা থেকে পাটরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রতিটি জনপদে কুরআনের কথা বলেছেন। কুরআনের আলো গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। কুরআনের কথা বলেছেন বলেই তার হাতে হাত রেখে হাজারেরও বেশি অমুসলিম ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মোটেও মানবতা বিরোধী ছিলেননা।
নেছারাবাদ সমাজকল্যাণ পরিষদের উদ্যােগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মানবতার পক্ষে কাজ করেছেন। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কুরআনের কথা বলে গেছেন। কিছু রাম বাম নাস্তিকদের তার কথা ভাল লাগতো না। তাই তাকে তেরটি বছর জেলে বন্দি করে রেখেছেন। আল্লামা সাঈদীর এখন প্রতিটি কথা সত্যে পরিণত হয়েছে। একসময় এক বক্ত্যব্যে তিনি বলেছিলেন, বাংলার উত্তর গগনে ঘণ কালো মেঘ জমেছে। যদি ঐক্যবদ্ধ সক্ষমভাবে মোকাবিলা করতে না পার তাহলে সুবহে সাদিক অসম্ভব। তার কথা সত্যে হয়েছে।
তিনি আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমাদের বলে মৌলবাদী; আমরা হলাম মুলবাদী। যারা কুরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষের শক্তি তারাই হল মুলবাদী। তোমরা হয়েছ আগাবাদী। তোমরা শেয়ার বাজার ধ্বংশ করেছ, ব্যাংক ডাকাতি করেছ, দেশের সম্পদ লুন্ঠন করেছ। বেশি বাড়াবাড়ি করবা না। বেশি বাড়াবাড়ি করলে দেশের বারো কোটি মুসলমান গোড়া ধইরা টান দিলে মামু বাড়ী দিল্লী পৌঁছাব। তিনি বলেছিলেন এমনও দিন আসবে পালাবার পথও পাবানা। ঠিকই তোমার পালাতে হয়েছে। বলেছিলা শেখের বেটি পালায়না। আজ তোমার পালাতে হয়েছে। পালিয়েছ ভাল কথা। ওইখানে চুপ করে শান্তিতে থাকেন। আজ আপনি পালিয়েছেন বলে দেশের মানুষ ভাল আছে। ওইখানে বসে দেশে অশান্তির সৃষ্টি কইরোনা। চট কইরা দেশে আসার স্বপ্ন দেইখোনা। চট করে দেশের ভিতরে ঢোকার চেষ্টা করলে কট কইরা ধরে ট্রাইব্যুনালে ভইরা দিব।
নেছারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সত্তার আজাদী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মদিনাতুল উলুম ইনিষ্টিটিউট কামিল মাদ্রাসার প্রভাষক এ, কে, এম মোশাররফ হুসাইন ও পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন।
