চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনর্বহাল ও বিডিআর বিদ্রোহের পুন:তদন্তের দাবীতে পিরোজপুরে মানববন্ধন
পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পূনর্বহাল ও বিডিআর বিদ্রোহের পুনরায় তদন্তের দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। রবিবার দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও পরিবার-২০০৯ এর ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন ও সন্তানরা অংশ গ্রহন করেন।
মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যরা অভিযোগ করেন, ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদের হত্যা করে। হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের চাকরিচ্যুতসহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয়। এতে অনেক বিডিআর সদস্য নিহত হন।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক বিডিআর সদস্যরা আরও বলেন, ১৫ বছর ধরে বিডিআর সদস্যরা চাকরীতে না থাকলেও তারা কোন রাষ্ট্রবিরোধী বা উগ্র সংগঠনের সঙ্গে জড়িত হননি। মিথ্যা ও অসাড় তদন্তের মাধ্যমে তাদের চাকরীচ্যুত করে নাটক সাজানো হয়েছে। এসময় তারা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনরায় তদন্তসহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্নবহালের দাবি জানান।
