পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার : শ্রমিকদলের ৪ নেতা বহিস্কার
বিজয় দিবসের দিন পিরোজপুরের বলেশ্বর খেয়াঘাটের শহীদ স্মৃতিবেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের সাথে অপ্রীতিকর ঘটনা ও পরে শহরে হামলার ঘটনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর শাখার ৪ নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
এদিকে, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়েরকৃত মামলায় ৩০ আসামীর মধ্যে বাদশা শেখ নামে এক শ্রমিক নেতাসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার বিজয় দিবসের দিন ভোরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিবেদীতে শ্রদ্ধা জানাতে আগতরা যে ব্যানার বহন করে তাতে বঙ্গবন্ধুর নাম থাকায় পৌর শ্রমিক দলের একদল নেতা-কর্মী বিক্ষুদ্ধ হয়। পরে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে শহরের একটি রেষ্টুরেন্টে নাস্তা করার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। হামলায় প্রক্টর ড. মুসা খান, ছাত্র মো. ইসতিয়াক, তৌহিদ খলিফাসহ ৬জন আহত হয়। হামলায় আক্রান্তদের মধ্যে একজন শিক্ষিকা ও তিনজন ছাত্রীও রয়েছেন। এ সময় খবর পেয়ে জেলা বিএনপি’র আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আহতদের মধ্যে প্রক্টরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।
হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ ঘটনায় অজ্ঞাতনামা ৩০জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
জেলা শ্রমিকদল ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠনের পৌর কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ফকির, প্রচার সম্পাদক বাদশা শেখ, সদস্য সোহাগ শেখ ও মোস্তফাকে বহিস্কার করে এক প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে।
এ ঘটনায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন দু:খ প্রকাশ করে জানান, দায়ীদের সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, এ ঘটনায় দুই জন গ্রেফতার হয়েছে।
