ভান্ডারিয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের ‘হংকং সরকারের বিশেষ প্রশাসনিক অঞ্চল’ এর সহায়তায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২২০টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় এরিয়া প্রোগ্রাম অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এরিয়া কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত রানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন এর বরিশাল এরিয়া প্রেগ্রাম ম্যানেজার আগস্টিন সরকার, ফাইনান্স অফিসার সিমন হালদার, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর ও জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবসময় ভান্ডারিয়া উপজেলার দুস্থ মানুষের পাশে রয়েছে এবং অত্যন্ত স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। উপজেলা প্রশাসন প্রক্রিয়ার শুরু থেকে সবসময় ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে আছে এবং যেকোন প্রয়োজনে সহায়তা দেবে। ৪ হাজার ২২০টি পরিবার যে সহায়তা পাচ্ছে, এটা ভান্ডারিয়া উপজেলাবাসীর জন্য বড় একটা উপকার বয়ে নিয়ে আসবে। আমি বিশ^াস করি তারা এটা যথাযথ ব্যবহার করবে।
উল্লেখ্য, বুধবার ১০০টি পরিবারকে সহায়তা প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ৪ হাজার ২২০টি পরিবারকে পরিবার প্রতি ২০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুসুর ডাল, ২ কেজি মুগ ডাল, ২ কেজি ছোলার ডাল, ৩ কেজি চিড়া, ১ কেজি লবন, ৫০০ গ্রাম চিনি, ঢাকনাসহ ১টি বালতি, ১ টি গ্যালন, ১টি মগ, গোসলের সাবান ৫টি, ১টি এন্টিসেপটিক জীবানুনাশক, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ২০টি স্যানিটারি প্যাডসহ তথ্যসম্বলিট লিফলেট ও খাবার স্যালাইন প্রদান করা হবে।
