প্রধান সূচি

পিরোজপুরে হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকারী জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ২২ বছর বয়সী ছেলে মো. মুসা হাওলাদার। তাকে চট্টগ্রামের হালিশহরের ইপিজেড এলাকা থেকে ১৩ অক্টোবর গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত মুসা মঠবাড়িয়ার উত্তর ভেচকী গ্রামের সৌদি প্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী হনুফা আক্তারের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। হনুফার বড় মেয়ের বিয়ে হওয়ায় ঐ মেয়ে তার স্বামীর বাড়িতে থাকে। হনুফার এক ছেলে মাদ্রাসায় বোর্ডিং-এ থেকে পড়াশুনা করে এবং ছোট মেয়ে দাদীর কাছে থাকে। এ সুযোগে মুসা প্রায়ই গোপনে হনুফার বাড়িতে গিয়ে থাকত। গত ১ সেপ্টেম্বর হনুফার বাড়িতে অবস্থানকালে দু’জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হলে মুসা হনুফাকে ওই রাতে গলাটিপে হত্যা করে। ২/৩ দিন পরে মুসা চট্টগ্রামে পালিয়ে যায়। এ ঘটনায় হনুফার বাবা উপজেলার শিংগা গ্রামের মো. আব্দুল জলিল ঘরামী গত ২ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারী মুসার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেফতার জন্য পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন (ক্রাইম এন্ড অপারেশন) ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) দায়িত্ব দিলে তাদের তদারকিতে এসআই সৈয়দ ইয়াসির হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে মুসাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হলে সে হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানায় পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial