প্রধান সূচি

শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে দেশের রাজা মনে করেছিলেন : মাসুদ সাঈদী

জামায়াত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, গত ১৭ বছর শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে এ দেশের রাজা মনে করেছিলেন। দেশের মানুষকে হাসিনা প্রজা মনে করতেন। শেখ হাসিনা দেশ শাসন নয়, শোষণ করতে এসেছিলেন। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। শেখ হাসিনা বলেছিলেন, আমি শেখ মুজিবের মেয়ে, আমি পালাতে জানি না। সেই তিনি ছাত্র আন্দোলনের মুখে হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়েছেন।
রবিবার পিরোজপুর পৌরসভার নূরানি তালিমুল কোরআন মাদরাসা ময়দানে স্থানীয় জনগণের সাথে জামায়াত ইসলামী আয়োজিত এ মতবিনিময় সভার তিনি এসব কতা বলেন।
মাসুদ সাঈদী বলেন, বাংলার মানুষ পাকিস্তান আমল থেকে মুক্তির সংগ্রাম করে আসছে। আমরা ভেবেছিলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু কষ্ট নিয়ে আজ বলতে হয় আমাদের এখনো সংগ্রাম করতে হয় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ইসলামী ঐতিহ্য রক্ষার জন্য। স্বাধীনতার সময় আমাদের যে লক্ষ্য ছিল তা আজও পূরণ হয়নি।
মাসুদ সাঈদী আরও বলেন, গত ১৭ বছরে জামায়াত-বিএনপির প্রায় ১ হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৭০ লাখ মানুষের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনার জুলুম-নির্যাতনে কোনো রাজনৈতিক নেতা-কর্মী নিজ বাসাবাড়িতে ঘুমাতে পারতেন না। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে। শুধু আল্লামা সাঈদীই নন, এ দেশের সব মত ও পথের অসংখ্য আলেমকে গ্রেপ্তার করে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি তার পিতার মতোই আলেম-বিদ্বেষী, ইসলাম-বিদ্বেষী।
তিনি বলেন, এখনো আওয়ামী লীগ আর তাদের দোসররা ষড়যন্ত্র করছে। সামনে দুর্গা পূজা। এই দুর্গা পুজাকে কেন্দ্র করে হাসিনার সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও অশান্তি তৈরি করতে পারে। সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি হাসান মাতুব্বরের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নায়েবে আমির মাওলানা আবদুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমীর মাওলানা আবদুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial