প্রধান সূচি

সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ : ৩৬ ঘন্টায়ও মেলেনি সন্ধান

৩৬ ঘন্টা অতিবাহিত হলেও কোন সন্ধান মিলছে না নেছারাবাদের সন্ধ্যা নদীতে মাছ ধরতে যাওয়া পূর্ব চামী গ্রামের যুবক সোহলের (৩৩)। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ, পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন সন্ধ্যা নদীতে তল্লাশি চালাচ্ছেন। সন্ধ্যা নদীতে এবং পার্শবর্তী এলাকায় মাইকিংও করা হয়েছে। এ ব্যাপারে নিখোঁজ সোহেলের চাচাতো ভাই রফিকুল ইসলাম নেছারাবাদ থানায় সাধারণ ডায়রি করেছেন।
রফিকুল ইসলামের দেওয়া তথ্য মতে জানা যায়, সোহেল নিজ বাড়ী এলাকায় একটি ছোট দোকান চালাতো। মাঝে মাঝে সে মাছ ধরতে নদীতে যেতো। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিবেশি, গাফ্ফার, মালেক, সাইফুল ও ফারুকের সাথে মিলে নিজ নিজ নৌকায় করে বর্শি দিয়ে মাছ ধরতে সন্ধ্যা নদীতে যায়। বুধবার সকাল ১০টার দিকে সংগীরা সোহেলকে ছারছীনা দরবারের দক্ষিন দিকে সন্ধ্যা নদীতে দেখেছেন। এরপর প্রবল বৃষ্টি শুরু হলে তাকে আর দেখা যায়নি। বৃষ্টির পর তার নৌকা ভাসতে দেখে তারা নৌকার কাছে গিয়ে নৌকার মধ্যে তার মোবাইল ফোন পায়। কিন্তু সোহেলকে খুঁজে না পেয়ে এলাকায় খবর দিলে লোকজন গোটা নদীতে তল্লাশি চালায়। মাইকিংও করা হয়েছে। পরে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলেও সোহেলের খোঁজে তার আত্মীয় স্বজন ও এলাকার লোকজন নদীতে রয়েছেন। সোহেলের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। একজন এস আইকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial