শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে
পিরোজপুরে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
পিরোজপুরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বাবর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেব সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম।
সভায় অভিভাবকবৃন্দ গত ১৫ বছরে পিরোজপুরের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান তার বক্তব্যে শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন, একজন শিক্ষক কোনো দলের হতে পারেনা। শিক্ষককে হতে হবে দল নিরপেক্ষ, তারা সম্মানিত, তাদের আদর্শে আজকের শিশুরাই আগামী দিনের বড় সম্পদ হিসেবে গড়ে উঠবে। তাই তাদেরকে আদর্শিক শিক্ষক হিসেবেই শিক্ষাদান করতে হবে। তিনি বৈষম্যের দিন শেষে দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
