ইন্দুরকানীতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
রবিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
বিক্ষোভ সমাবেশে মাসুদ সাঈদী বলেন, তার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সময় সুস্থ ছিল। পরে হাসপাতালে নিয়ে শেখ হাসিনার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। তাকে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তখন হাসিনার নির্দেশে বিক্ষুব্ধ জনতার ওপর প্রশাসনের দালালেরা গুলি করে তিনশত মানুষ হত্যা করে। শাপলা চত্বর, পিলখানা ও ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র-সাধারণ মানুষ হত্যায় ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, ঢাকার গুলশান কলেজের অধ্যক্ষ এম এ কালাম, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি রাতুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদার, উপজেলা যুবদল সভাপতি আতিকুর রহমান, যুবদল নেতা শাহিদুল ইসলাম, উপজেরা ছাত্রদল সভাপতি আল-আমীন হোসেন প্রমুখ।
