স্বরূপকাঠীতে প্রতিপক্ষের হামলায় নিহত-১
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনিয়নে মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় মো: জাফর হাওলার (৩৮) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় মিজান হাওলাদার (৩২), কালাম মোল্লা (৪০), মো. ফিরোজ গুরুতর আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত জাফর হওলাদারের লাশ এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত বরিশাল মেডিকেলে রয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের ৬নং ওয়ার্ডে প্রতিপক্ষ আব্দুর রব মোল্লার ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে বলে নিহত পরিবারদের অভিযোগ।
নিহত জাফর হাওলাদার ওই গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। হামলায় আহত মিজান হাওলাদার নিহত জাফরের ছোট ভাই। এছাড়া আহত অপর ব্যক্তি কালাম মোল্লা একই গ্রামের মো. মোজাফর মিয়ার ছেলে। বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রতক্ষদর্শী লিটন হাওলাদার জানান, তাদের এলাকার একটি মসজিদের নামে ৫৮ শতক জমি রয়েছে। সেখানে মসজিদসহ বাগান রয়েছে। যা মসজিদ ভোগ করে আসছিল। স্থানীয় আব্দুর রব মোল্লার ছেলেরা মসজিদের কিছু জমি নিজের দাবি করে মসজিদ কর্তৃপক্ষের সাথে বিরোধ করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা লাঠিসোটা নিয়ে এসে মসজিদের জমি দখলে নামে। এসময় মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এতে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে তারা লোক ভাড়া করে এনে হামলা চালায়।
মসজিদ কমিটির সভাপতি মো. সোহারব হোসেন অভিযোগ করেন, ঘটনার দিন দুপুরের দিকে রব মোল্লার ছেলে হিরুল মোল্লা, চুন্নু মোল্লা, নান্নু মোল্লা, সাইফুল মোল্লা ঝালকাঠি থানার লোক ভাড়া করে এনে মসজিদের মুসল্লিদের উপর হামলা চালায়। তারা জাফর মোল্লা, মিজান মোল্লা, কালাম মোল্লা, ফিরোজসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। স্বজনরা ছুটে এসে আহত জাফর মোল্লা এবং মিজান মোল্লাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠালে সেখানে সন্ধ্যার দিকে জাফর মোল্লার মৃত্যু হয়। এছাড়া আহত বাকি দু’জনের মধ্যে একজন নেছারাবাদ হাসপাতালে এবং বাকি একজন ঝালকাঠি হাসপাতালে ভর্তি আছে।
