পিরোজপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া : অর্ধ শতাধিক মোটর সাইকেল ভাংচুর
পিরোজপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অর্ধ শতাধিক মোটর সাইকেল ভাংচুর করেছে আন্দোলনকারীরা।
রবিবার সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লাঠি-সোটা, পাইপ, লোহার রড়সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একটি মিছিল শহরের সিও অফিস মোড় থেকে অবকাশ হোটেল মোড় এলাকায় এলে ছাত্রলীগের বাঁধার মুখে পরে। এসময় আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীদের মিছিলটি মহিলা কলেজ রোড দিয়ে পুরাতন বাসষ্ট্যান্ডের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা অর্ধশাতধিক মোটর সাইকেল ভাংচুর করে এবং অবকাশ মোড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা লাঠি সোটা, পাইপ, রড নিয়ে অবকাশ হোটেল মোড় ও মহিলা কলেজ মোড় এলাকায় আসে। পরে তারা শহরে মিছিল করে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এদিকে, আন্দোলনকারীরা মিছিল শেষে পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পুরাতন বাসষ্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের নানা শ্লোগান দেয়। এসময় আন্দোলনকারীদের মধ্যে বেশীরভাগই জামায়াত-ছাত্রশিবির, বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেখা গেছে। আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৩টার দিকে কর্মসূচি শেষ করে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা ত্যাগ করে চলে যায়।

এদিকে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দিনভর সদর রোডের দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে থাকে। বিকেল সাড়ে ৫টার দিকে তারা শহরে মিছিল করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস।
