ইন্দুরকানীতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন বিতরণ
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার ইন্দুরকানী উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম এ টিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অস্বচ্ছল মানুষের পাশে থাকেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বিএনপি’র শাসনামলে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ লোক প্রাণ হারিয়েছিল, তাদের পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়নি এবং মানুষের প্রাণ বাঁচানোর জন্য কোন ভূমিকা নেয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে হাজার হাজার বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মান করেছেন। যার ফলে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশে^র রোল মডেল।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুল হক দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভিনসহ উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
