পিরোজপুরের ভান্ডারিয়ায় জেপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেনের মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়। অপরদিকে বৈধতা পেয়েছে অপর ৩ চেয়ারম্যান প্রার্থী ও ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মো. মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চাচাতো ভাই। মাহিবুল হোসেন জাতীয় পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় জানান, হলফনামায় অসম্পূর্ন তথ্য দেয়ায় ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মাহিবুল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীর প্রার্থীতা ফিরে পেতে আগামী ৬ থেকে ৮ মে’র মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ পাবেন।
নির্বাচনে বৈধ প্রার্থীরা হচ্ছেন, বর্তামান উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, তরুন সমাজসেবক মো. সালাউদ্দিন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্র্থী হিসেবে মহিলা আওয়ামী লীগ নেত্রী মালিকা পারভীনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভাÐারিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
